১.

পূর্বপুরুষের ভিটেয় শুনেছি জোড়া বন্দুকের পুজো হতো;
আবার একই উঠোনে বসে পথশ্রান্ত আব্বাসউদ্দীন
ভাওয়াইয়া ধরতেন।
জলের দেশ ছিল সে এক,
জমিদারদের লেঠেলবাহিনীর সঙ্গে
বেপরোয়া মাঝিমাল্লাও ছিল-
রাতে ব্যবসায়ীদের নৌকো এড়িয়ে চলতো
বজ্রযোগিনীর ঘাট।
তাই রক্তের কথা উঠলে
এখনো একটা ভয় কাজ করে
পুঁথি লেখা হাত নিশপিশ করতে থাকে
দেরাজে তুলে রাখা গুপ্তিটা ধরার জন্যে।

Posted in

Leave a comment